নাগেশ্বরীতে শেষ পৌষে গত কয়েক দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় কাঁপছে মানুষ ও পশুপাখি। কষ্টে আছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিন মিয়া জানান, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রামের উপর দিয়ে গত কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। দিনে কাঙ্ক্ষিত সূর্যের দেখা মিলছে মাত্র কিছুক্ষণের জন্য। শিশির ভেজা প্রকৃতির মধ্য দিয়ে সরাদিন বাতাস প্রবাহিত হওয়ায় কমে গেছে তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী শুক্রবার বিকেল থেকে সোমবার শেষরাত পর্যন্ত বাতাসের মান বিপজ্জনক হবে। জেঁকে বসবে আরো ঠান্ডা।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। এদের বেশিরভাগই আউটডোরে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন।