কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২৫ যাত্রীসহ একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনার পর থেকে এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়া ঘাট দুধকুমার নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নারী নাম নালো বেগম (ডাক নাম)। তিনি বামনডাঙ্গার তেলিয়ানিরকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। তিনি ইউনিয়নের চরলুছনী রাজবাড়ীতে তার বোনের বাড়ি থেকে ফিরছিলেন।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে দুধকুমার নদের মুড়িয়াঘাটে একটি নৌকায় ২৫ যাত্রী, ২০ মণ ধান, ২৫ মণ পাট, দুটি ঘোড়ার গাড়ি, সাতটি বাইসাইকেল তোলা হয়। নৌকাটি ঘাটের পূর্ব দিক থেকে পশ্চিম পাড়ে পৌঁছলে তলিয়ে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে ফিরলেও নালো বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, দুধকুমার নদী পারাপারের জন্য পূর্ব পাড় থেকে নৌকাটি লোক নিয়ে পশ্চিম পাড়ে আসার সময় নৌকা এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার কাজ চালায়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, `আমি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। রংপুর থেকে ডুবুরি এনে উদ্ধার কাজ চালানো হচ্ছে।`
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর ইব্রাহিম চৌধুরী জানান, সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। মালামাল তোলা হচ্ছে। নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চলছে।











