চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিরা হাম্মাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানের একটি সেগুন গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
স্থানীয়রা জানান, নিহত যুবক কনট্রাক্টরের অধীনে বিভিন্ন ধরনের কাজ করতেন। ধারণা করা হচ্ছে গত রাতের কোনো একটি সময় গাছের সাথে গলায় গামছা পেছিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার জুতা কবরস্থানের বাইরে এবং পরনের একটি জ্যাকেট গাছের সাথে ঝোলানো পাওয়া যায়।
স্থানীয়রা লাশটি দেখে মসজিদের ইমামকে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, ভোর ৬টার দিকে স্থানীয়রা গাছে ঝুলন্ত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





