চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবমেলায় সেতু ভেঙে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে হুড়াহুড়ি করে সেতু থেকে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার গভীর রাতে চন্দ্রনাথ ধামের সর্বোচ্চ চূড়ায় উঠতে গিয়ে অতিরিক্ত ভিড়ে সেতু ভেঙে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন সহস্রাধিক তীর্থযাত্রী।

আহতরা হলেন লিপি কর্মকার (৩০), বীনা দাস (৫৩), সুশেন দাস (৩১), কমলা কর্মকার (৪৩) ও চম্পা হাওলাদার (৪০)।

সঞ্জয় চৌধুরী নামের এক তীর্থযাত্রী বলেন, শনিবার রাত ৩টার সময় নামার পথের ৪০০ ফুটের একটি সেতু ভেঙে শতাধিক তীর্থযাত্রী নিচে পড়ে যান। এ সময় দু’জনের নিহত হন। ঘটনাটি জানাজানি হলে মানুষের মধ্যে ধাক্কাধাক্কি ও হুড়াহুড়ি শুরু হয়।

লিপি কর্মাকারের স্বামী নান্টু কর্মকার বলেন, আমার স্ত্রী এ হুড়াহুড়িতে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। তার হাতে ১০টি সেলাই দিতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরু উদ্দিন রাশদ বলেন, এ পর্যন্ত দশজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শনিবার রাত থেকে এ পর্যন্ত শহস্রাধিক তীর্থযাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহম্মদ বলেন, দুর্ঘটনা এড়াতে নামার পথ বন্ধ করে দেয়া হয়েছে। তীর্থযাত্রীদেরকে ইকোপার্কের বিকল্প পথ দিয়ে নামানো হচ্ছে।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থযাত্রা হয় সীতাকুণ্ডের চনদ্রনাথ ধামে। এ উপলক্ষ্যে বাংলা ৫ ফাল্গুন থেকে তিন দিনব্যাপী শিবমেলা শুরু হয়। এবার এ মেলা চার দিন পর্যন্ত চলবে। এতে রেকর্ডসংখ্যক ভক্তদের আগমন ঘটেছে।