জয়পুরহাটের পাঁচবিবিতে কেনা সম্পত্তি মাটি ভরাট করে জোর করে দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে আজাদ নামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। মাটি ভরাট কাজে বাধা দিলে আজাদ গংরা তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফেরদৌস হোসেন। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার কড়িয়া গ্রামের মৃত সামছুদ্দিন মণ্ডলের ছেলে ফেরদৌস হোসেন উপজেলার কাঁচনা মৌজার ২০১ নং খতিয়ানের ২৮১ নং দাগের ৬ শতক ভিটা জমি ২০১৩ সালের ২৩ জানুয়ারি দলিল মূলে (দলিল নং- ৭২৭) সাইট উল্লেখ করে কিনে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় ওই জমিতে বাড়ি করার প্রস্তুতি নিলে গ্রামের শফির উদ্দিনের ছেলে আজাদ আলী ও তার লোকজন জমিটি জোর করে দখলের উদ্দেশ্যে তড়িঘড়ি করে মাটি ভরাটের কাজ শুরু করে। গত বৃহস্পতিবার ফেরদৌস এ ঘটনা জানতে পেরে সেখানে গিয়ে দেখেন মাটি ভরাট করে দখলের পাঁয়তারা চলছে। এ কাজে বাধা দিলে উল্টো তারাই বিভিন্ন ধরনের হুমকি দেয়।
ভুক্তভোগী ফেরদৌস হোসেন বলেন, ২৬ শতক জমির মধ্যে সাইট উল্লেখ করে ৬ শতক জমি আমি কিনি। প্রতিপক্ষরা জমিটি বিক্রি করার প্রস্তাব দিলে আমি রাজি না হওয়ায় তারা জোর করে দখলের পাঁয়তারা করছে।
আজাদ আলীর স্ত্রী বলেন, জমিটি আমার স্বামীর কেনা। আমরা মাটি ভরাট করছি দেখে ওরা এসে আমাদের মাটি ফেলতে বাধা দিচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা সালিস বৈঠকের মাধ্যমে দলিল মূলে তাদের জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে।