খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় বাসের সাথে ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী লাভলু শেখ (৫২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত লাভলু শেখ বাগেরহাট সদরের উজলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।





