রংপুরের মিঠাপুকুরে একই দিনে দুই এলাকায় পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আব্দুল কাদের শেখের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন বিকেলে উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নে আত্মহত্যা করেন আরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ। এ দুই ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যর মামলা হয়।
জানা যায়, ঘটনার রাতে আব্দুল কাদের শেখ (৫০) নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন। সকাল আনুমানিক ৮টায় তার ছেলে বাঁধন (১৩) বাবাকে ডাকতে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই সে বাবার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা মিঠাপুকুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার, সুরতহাল রিপোর্ট তৈরি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবার জানায়, গত রমজান মাসেও আব্দুল কাদের একবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।
এ দিকে, একইদিন বিকেলে উপজেলার রানীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামের আরিফা বেগম (২৫) আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, প্রথমবার বিয়ে বিচ্ছেদের পর আরিফা ঢাকায় চলে যান এবং সেখানে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি ঢাকার স্বামীর সাথে তার মনোমালিন্য চলছিল। স্বামীর অবহেলার কারণে আরিফা অভিমান করে আত্মহত্যা করেন বলে ধারণা করছে তার পরিচিতরা। আরিফার পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয় পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, দু’টি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আব্দুল কাদের শেখের লাশের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মিঠাপুকুরে একই দিনে ২ জনের আত্মহত্যা
রংপুরের মিঠাপুকুরে একই দিনে দুই এলাকায় পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আব্দুল কাদের শেখের (৫০) ঝুলন্ত...





