জয়পুরহাটের পাঁচবিবিতে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার সকাল পৌনে ৮টায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে (গুচ্ছগ্রাম) অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ পরিবারগুলোর ১২ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আয়েশা (৪৫), আরাফাত হোসেন (২২), সালেহা বেগম (৪০), নাজমা বেগম (৩৫), মহসিনা (৩৭), আমিনা পাগলী (৪৫), তারা বানু (৪০), হাবিবুর (৫০), জাহাঙ্গীর বাবু (৪৬) ও মেহেরুল ইসলামের (২৪) ঘর পুড়ে গেছে। তারা জানান, নিজের পরিধানের কাপড় ছাড়া ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনে ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন হোসেন জানান, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।