খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বুধবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা মির্জাপুর শ্মশান এলাকায় এই ঘটনা ঘটে। এতে গর্ভজাত ও নবজাতক, প্রসূতি মা, জামাতা ও ব্লাড ডোনারসহ পাঁচজন নিহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার গর্ভজাত এক সন্তান এবং নবজাতক এক শিশুকন্যা, সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নেছার উদ্দীনের ছেলে ডালিম হোসেন (৪০) এবং আশাশুনির উজিরপুরের ব্লাড ডোনার তাজিজুল ইসলাম (২৭)।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, বিকেল ৩টার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়।

সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম সর্বশেষ জানান, সাতক্ষীরা মেডিক্যালের তিনজন ছাড়াও খুলনা মেডিক্যালে তাজিজুল ইসলাম নামের আরেক ব্লাড ডোনার মারা গেছেন। গর্ভজাত সন্তানসহ এই নিয়ে পাঁচজন নিহত হয়েছে।