রংপুরের মিঠাপুকুরে আট দিনেও সন্ধান মেলেনি মুক্তিযোদ্ধার সন্তান মো: কাওছারের। এ নিয়ে চিন্তা ও শঙ্কায় দিন পার করছে তার পরিবার।
গত ২১ মে উপজেলার মির্জাপুর দীঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ডেকে নেয়া হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মে কাওছারকে তিন অপরিচিত ব্যক্তি ডেকে নেন। তারা বামন ডাঙা সুইচ গেট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর কাওছারের সাথে আর যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত তিনটি মোবাইলই বন্ধ রয়েছে। এ ঘটনায় গত শনিবার মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তার বাবা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।
রংপুর মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আতিয়ার রহমান মুক্তিযোদ্ধার নিখোঁজ সন্তানকে উদ্ধারে সকল ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এ প্রসঙ্গে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিখোঁজ কাওছারের বাবা গত শনিবার থানায় জিডি করেছেন। সর্বাধিক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।





