চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাব্বুল হোসেনের বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমকে নিয়ে উপজেলা চেয়ারম্যান কটূক্তি, কুরুচিপূর্ণ, মানহানিকর ও নারীর ক্ষমতায়নকে অবমূল্যায়ন করে বক্তব্য দেয়ার কারণে তাকে নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১ এর উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেয়া হয়। বক্তব্য প্রদানের অভিযোগটি অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের শামিল হওয়ায় পরবর্তী সময়ে সাত কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯ জুন সোমবার মেডিক্যাল মোড়ে ভোলাহাট উপজেলা যুবলীগের শান্তি সমাবেশে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমকে ঈদের পর গামছা পরিয়ে বিদায় করার হুঁশিয়ারি দিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, আমাকে বরখাস্ত করার জন্য উৎপাত চলছে। আমার উপজেলা পরিষদের কর্মচারীদের বেতন টিএডিএ দেয়া হচ্ছে না, আমার ড্রাইভারের ওভারটাইম দেয়া হচ্ছে না। তিনি বলেন, শুধু জামায়াত-বিএনপি নয়, প্রশাসনে বসে শেখ হাসিনার নাম ভাঙিয়ে যারা চলছে তাদের বর্তমান ইউএনও রয়েছেন। তিনি ইউএনওকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ঈদের পরে ইউএনও উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করা হবে। তার এ বক্তব্যের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।





