জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মমতাজ উদ্দিন (৬৮) নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার দানেজপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মমতাজ উদ্দিন গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ জুন দানেজপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৬৮) ও আমজাদ হোসেন (৬৫) বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট্ট ভাই আমজাদ হোসেন বড় ভাই মমতাজ উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরতর আহত হন। এ সময় পরিবারের লোকজন তাকে ঐ দিনই চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসা শেষে শুক্রবার বাড়িতে নিয়ে আসলে রাতেই তিনি মারা যান।
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।