সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ১২ টার মধ্যে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় এ দুর্ঘটনা দু’টি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক কণ্ঠশিল্পী আবু আফসান রোজ বাবু ও প্রাইভেটকারচালক মোহাজ্জেম হোসেন বাকী।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকার যোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু। পথিমথ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোজ বাবু ও চালক আহত হয়।

অপরদিকে, বেলা ১২টার দিকে মহাসড়কের কুমিরা কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা এক যাত্রী গুরতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।