রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুরে এক স্বামী পরিত্যাক্তা হিন্দু নারী শান্তনা রানীকে (২২) পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণের নগ্ন ভিডিও ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পুনরায় পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতা মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) এ মামলা করা হয় বলে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান নিশ্চিত করেন। এর আগে এ ঘটনায় মঙ্গলবার রাতে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী।
থানা ও অভিযোগে সূত্রে জানা যায়, ভুক্তভোগী শান্তনা রানী (২২) দীর্ঘদিন ধরে বাবার বাড়ি ইমাদপুরে অবস্থান করছেন। ২৮ মার্চ প্রতিবেশী স্বপন চন্দ্র মহন্ত ও বাবু প্রামানিক রাতে বেড়াতে এসে জানতে পারে শান্তনার বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। ওই সুযোগে অভিযুক্ত স্বপন তরলপানীয় খাদ্যদ্রব্যে (পেপসি) ঘুমের ওষুধ মিশিয়ে পান করতে দিলে সরল মনে পান করে শান্তনা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েন। পরে দুইজন মিলে সারারাত পালাক্রমে ধর্ষণ করে ও মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে ভোর বেলা চলে যায়।
পরবর্তীতে পুনরায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২ এপ্রিল রাতে পাশের ইমাদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়ালে ডেকে নিয়ে দুইজনে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ব্যাপারটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, স্থানীয় ক্ষমতাশীন দলের নেতা এক লাখ ৮০ হাজার টাকায় বিষয়টি আপস মীমাংসা করেন। নিষ্পত্তির তিন মাস অতিবাহিত হলেও আপসনামা ও অর্থ কিছু না পাওয়ায় থানায় অভিযোগ করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর মা। থানায় অভিযোগের পর বিভিন্ন দিক থেকে হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। শান্তনা বর্তমানে পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টারে আছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অভিযোগ পেয়েছি অভিযুক্তরা পলাতক আছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।





