মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল ভাগবাটোয়ারা নিয়ে মেম্বারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও দু'একজন মেম্বার দৌড়ে পালিয়ে গেলেও আহত হয়েছেন আনোয়ার হোসেন নামে একজন মেম্বার।

রোববার (৯ জুলাই) বিকেলে এ ঘটনা নিয়ে শুরু হয় গণ্ডগোল-হাতাহাতি। এ সময় দৌড়ে পালিয়ে যান প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন ও মেম্বার মনোয়ার হোসেন।

এ ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে থানায় অভিযোগ দায়ের করেননি কেউ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বালারহাট ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল ভাগবাটোয়ারা নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। চালগুলো কাকে দেয়া হয়েছে? প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেনের কাছে ইউপি মেম্বার মাহিদুল ইসলাম জানতে চান। একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান ওই দুই মেম্বার। কিন্তু, বেধরক পিটুনির শিকার হন মেম্বার আনোয়ার হোসেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।

বালারহাট ইউনিয়ন পরিষদ মেম্বার মাহিদুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম বাদ দিয়ে তালিকায় প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন, আনোয়ার হোসেন মেম্বার ও মনোয়ার হোসেন মেম্বারসহ কয়েকজন নিজের বাবা, ভাই, ভাতিজা ও আত্মীয়-স্বজনদের নামে চালগুলো আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চালগুলো নিয়ে আমাদের মেম্বারদের মধ্যে ঝামেলা চলছে। এরই সূত্র ধরে মাহিদুল মেম্বার মারপিট করেছে আনোয়ার মেম্বারকে। তিনি মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আনোয়ার মেম্বারের সাথে কথা বলতে সোমবার বিকাল সাড়ে ৩টায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে পাওয়া যায়নি। তিনি মোবাইল ফোনে বলেন, চালের ঘটনা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে মাহিদুল মেম্বার।

বালারহাট ইউনিয়ন পরিষদ সচিব শফিকুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা নিয়ে মেম্বারদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদে আমরা সকলে উপস্থিত ছিলাম।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার বলেন, মেম্বারদের মারামারির ঘটনাটি জানি না। তবে ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল নিয়ে তদন্ত করা হচ্ছে।

উপজেলা নির্বাহি অফিসার রকিবুল হাসান বলেন, মেম্বারদের গণ্ডগোলের বিষয়টি জানা নেই। তবে চালের বিষয়ে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।