লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন খালের ওপর দরবেশপুর ইউপি চেয়ারম্যানের পাকা দোকানঘর (ইমারত) নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন ব্রিজের পূর্ব-দক্ষিণে ওয়াপদা বেড়িবাঁধ সড়ক সংলগ্ন (পাউবো বেড়িবাঁধ) খালপাড়ে সেতু ও খালের অংশে পাকা দোকানঘর নির্মাণ করছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। ঘটনাটি জানতে পেরে গত বুধবার বিকেলে পাউবোর শাখা কর্মকর্তা (এসও) মোহাম্মদ শাকিল অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
জানা গেছে, দখল সূত্রে স্থানীয় আবদুর রহমানের কাছ থেকে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪০ ফুট জায়গা কেনেন দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। স্থানীয় লোকজন জানান, রামগঞ্জ ওয়াপদা বেড়িবাঁধ ছাড়াও অন্যান্য সরকারি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণের ঘটনা এ উপজেলায় অহরহ ঘটছে। যে যেভাবে পারছে খালপাড়ের সরকারি সম্পদ দখল করে নিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব জেনেও না জানার ভান করছেন এবং চুপ করে থাকছেন।
এ বিষয়ে ওই জমির দখলদার আবদুর রহমান বলেন, দখল সূত্রে আমি ৪০ ফুট জায়গা মিজান চেয়ারম্যানের কাছে বিক্রি করি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ছাদ কিংবা দোতলা ভবন করার নিয়ম নেই। শুনেছি চেয়ারম্যান নাকি দোতলা করবেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘদিন থেকে আবদুর রহমান এখানে ব্যবসা করে আসছে। আমি তার থেকে জায়গাটুকু কিনেছি। আমার কাছে কাগজপত্র আছে। এ ব্যাপারে পাউবোর শাখা কর্মকর্তা (এসও) শাকিল জানান, চেয়ারম্যান সাহেবকে কাজ বন্ধ রাখতে বলেছি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পাকা ভবন করার কোনো নিয়ম নেই।











