লক্ষ্মীপুরের রামগঞ্জে আল ফারুক নামের একটি প্রাইভেট হাসপাতালের গাফিলতি ও চিকিৎসকের ভুল চিকিৎসায় নাজমা খাতুন নামের (৩৫) এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় গত সোমবার রাতে মৃতের স্বজনরা হাসপাতাল ঘেরাও করে চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির শাস্তি দাবি করেন।
নিহত প্রসূতি নাজমা খাতুন রামগঞ্জ পৌর জগৎপুর গ্রামের কোয়াজি বাড়ীর প্রবাসী আসাদ উল্যার স্ত্রী ও তিন সন্তানের জননী। নাজমার বড় মেয়ে জ্যোতি (যুথি) আক্তার জানান, গত ২ জুলাই তীব্র ব্যথা নিয়ে তার মা হাসপাতালে গেলে ডা: ফারজানা তাকে দ্বিতীয়বারের মতো ব্যথানাশক একই ইঞ্জেকশন দিয়ে বাসায় পাঠিয়ে দেন। ব্যথা না কমায় পর দিন আবার মা’কে হাসপাতালে আনা হলে ওই চিকিৎসক দ্রুত সিজার করতে বলেন। ওই ডাক্তার নিজেই সিজার করেন। কিন্তু সিজারের কিছুক্ষণ পরই তিনি অবস্থা বেগতিক দেখে মা’কে ঢাকায় আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢাকায় নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জানান, নাজমা খাতুন ভুল চিকিৎসকের শিকার হয়েছেন। এর পর প্রায় ১২-১৩ দিন তার মা’কে ওই আদ-দ্বীন হাসপাতালে রেখে চিকিৎসা করিয়ে লাখ লাখ টাকা খরচ করা হলো, কিন্তু মাকে আর বাঁচানো গেলো না।
নাজমা খাতুনের আত্মীয় মীনা বেগম জানান, মাত্র ৫-৭ মিনিটে নাজমাকে সিজার করেই তাড়াহুড়ো করে ডা: ফারজানা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। আমরা তাকে ঢাকায় নিয়ে গেলে ওখানকার চিকিৎসক জানান, নাজমা খাতুন ভুল চিকিৎসার শিকার হয়েছেন। গত সোমবার, ১৭ জুলাই সকালে নাজমা খাতুন মারা যান।
গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে তিনি জানান, সাংবাদিকদের সাথে এ ব্যাপারে তার কথার বলার প্রয়োজন নেই। যাদের সাথে কথা বলার দরকার তাদের সাথে কথা হয়েছে। হাসপাতালের মালিক আল ফারুক জানান, আপনারা তো অনেকেই নিউজ করেছেন। ফেসবুকে ভাইরাল হয়েছে। অন্য কোনো হাসপাতালে বুঝি আপনারা চিকিৎসা করান না। সব ভুল আমাদেরই। এখন আর কী করা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবাইল ফোনে প্রথমে বিষয়টি না জানার কথা বললেও পরে জানান, আমি হালকা হালকা শুনেছি, আচ্ছা খোঁজ নিয়ে দেখি। আমি এখন ঢাকার বাহিরে।
রামগঞ্জে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে আল ফারুক নামের একটি প্রাইভেট হাসপাতালের গাফিলতি ও চিকিৎসকের ভুল চিকিৎসায় নাজমা খাতুন নামের (৩৫) এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের...





