ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামে নিখোঁজের একদিন পর বিল্লাল হোসেন (৬০) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার দামোদরপুর ছাবা ইট ভাটার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন উপজেলার দামোদারপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে জমিতে কাজ করা শ্রমিকদের জন্য নাস্তা নিয়ে যান বিল্লাল হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকাল ৯টার সময় দামোদরপুর গ্রামের কৃষক মঈন উদ্দীন মাঠে যাওয়ার পথে ইটভাটার পুকুরে বিল্লাল হোসেনের লাশ ভাসতে দেখে স্থানীয়দের জানান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরো জানান, দীর্ঘদিন যাবৎ বিল্লাল হোসেনের সাথে পাশের বাড়ির হাসান ও হানিফদের ভিটা-বাড়ি নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে প্রতিপক্ষরা বিল্লাল হোসেনের বাথরুম ভেঙে দেয়। বিষয়টি বিল্লাল পুলিশ ক্যাম্পেও জানান।
স্থানীয় ইউপি সদস্য জাফর ইকবাল জানান, দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন বিল্লাল হোসেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে পুকুরে তার লাশ ভেসে ওঠে। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।





