জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মামলা করার আট ঘণ্টার মধ্যেই প্রধান আসামি ধর্ষক ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার বটতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দুর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) ও পাঁচবিবি উপজেলার ছোট্ট মানিক গ্রামের বায়েজিদ হোসেন (২৩)। সোমবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জয়পুরহাট ক্যাম্পের কো: কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চলতি মাসের ২ আগস্ট বিকেলে তমাল দেখা করার কথা বলে দিনাজপুরের হিলি থেকে ভিকটিমকে পাঁচবিবি পৌর পার্কে নিয়ে আসে। পরে তমাল সন্ধ্যা ৭টায় বায়েজিদসহ কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার নওদাপাড়া গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে ভিকটিমকে তমাল ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। সকালে ভিকটিমের জ্ঞান ফিরলে আসামিরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়। পরে ভিকটিম পরিবারকে ঘটনা জানালে ৬ আগস্ট রোববার বিকেলে পরিবার পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সহোযোগিতায় তাদের দুইজনকে বগুড়ার বটতলী থেকে আটক করা হয়। পরে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।