নাগেশ্বরীতে হিরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পৌরসভার বদিজামাপুরের নুরুদ্দিনের ছেলে রেজাউল করিম রাজু (৪৭), মেছনিরপাড়ের জাবেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৪) ও বলদিটারীর মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় বাসস্ট্যান্ড এলাকায় মাদক-বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বগুড়া দই ঘরের সামনে কেবি আঞ্চলিক সড়ক থেকে মাদককারবারি রাজু, সাদ্দাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ গ্রাম হিরোইন ও ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।