গেলো কয়েক বছর ধরে মুখ থুবড়ে পড়ে থাকা হিলি রেল স্টেশনের আধুনিকায়ণ, আন্তঃনগর ট্রেনসহ ঢাকা গামী ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে স্থানীয় মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিলি নগরিক কমিটির উদ্যোগে হিলি রেলস্টেশনে সকলে একত্রিত হয়ে এই বিক্ষোভ, অবরোধ ও মানববন্ধন করে।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছালে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও হিলি নাগরিক কমিটির সদস্যসচিব লিয়াকত আলীর নেতৃত্বে আন্দোলনকারীরা তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সামনে রেল লাইনের ওপর শুয়ে পড়েন এবং লাল পতাকা উড়িয়ে ট্রেনটিকে আটকে দিয়ে সেখানেই তারা সমাবেশ করেন এবং রেলপথ অবোধ করে রাখেন।
রেলপথ অবোধ করে রাখায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্রায় একঘণ্টা হিলি রেলস্টেশনে আটকা পড়ে থাকে।
পরে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়ার অনুরোধে আন্দলোন কারিরা অবরোধ প্রত্যাহার করে নিলে বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এ সময় হিলি নাগরিক কমিটির সদস্যসচিব ও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বলেন, আগামী একমাসের মধ্যে তাদের দাবি মেনে না নিলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





