দিনাজপুরের হিলি স্থলবন্দরের অভ্যন্তরে আমদানিকৃত খৈল বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার করেছে হিলি কাস্টমস। মাদক পরিবহনের অভিযোগে ভারতীয় ট্রাকসহ চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রাখা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক ভারতের হিলি থানার ত্রিমোহনী এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ২ নম্বর ওজন স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা খৈল বোঝাই ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকচালকের কেবিন থেকে লুকিয়ে রাখা ২২৩ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ এবং তিন হাজার ৮০ পিস নেশাজাতীয় প্যাথেডিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।