কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী পৃথক দুই বিশেষ অভিযানে ২০২ বোতল ফেন্সিডিল ও ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ও এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ওসমান আলী (৩১) পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী উপজেলার খাটামারীর মোহাম্মদ আলীর ছেলে। অপরজন রুহুল আমিন উকিল (৫০) ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের কদমতলা বুড়াটারী গ্রামের আনছার আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই অলকান্ত রায় সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে পৌরসভার আশারমোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় আশারমোড় থেকে ৫০ গজ পশ্চিমে আশারমোড়-নাখারগঞ্জ সড়কে জনৈক আদম আলীর বাড়ির সামনে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামানো হয়। তল্লাসী করে সেখান থেকে উদ্ধার করা বস্তাবন্দী ২০২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় মাদককারবারি ওসমান আলীকে।

অপরদিকে শুক্রবার সকাল ১১টায় নেওয়াশী ইউনিয়নের সুখাতীর ভাটামোড়ে নাগেশ্বরী-নেওয়াশী সড়কে দু’টি অটোরিকশা থামিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় মাদককারবারি রুহুল আমিন উকিলকে। আর একজন পালিয়ে যায়। তারা বিশেষ কৌশলে প্লাস্টিক দিয়ে গাঁজা বেধে তার ওপরে সিট বসিয়ে গাঁজা লুকিয়ে নিয়ে যাচ্ছিল।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধারা-৩৬ (১) সারণির ১৪ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা দিয়ে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।