জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম বিল্লাহ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ধরঞ্জীর সাবেক ইউপি সদস্য নাজির হোসেন জানান, সকালে ছেলেকে নিয়ে মশিউর মোবাইল দেখছিল। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে শিশুটির দাদা মাঠের দিকে চলে গেলে শিশুটিও এক ফাঁকে দাদার পিছনে পিছনে ছুটে যায়। এ বিষয়টি খেয়াল করেনি কেউ। বাড়ি থেকে বের হওয়ার পথেই পুকুর। শিশুটি কখন পুকুরে পড়ে গেছে, কেউ খেয়াল করেনি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। দুুপুরের দিকে পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে উঠে।





