লক্ষ্মীপুরের রামগঞ্জে জননী বাসচাপায় আবদুর রহিম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ সময় সড়কের ওপর থাকা স্বাধীন বাংলা নামের তিনটি বাসও ক্ষতিগ্রস্থ হয়েছে দুর্ঘটনায় কবলিত বাসটির ধাক্কায়।
শনিবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় রামগঞ্জ পৌর বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামের আবদুস সোবহান ব্যপারী বাড়ির (চৌকিদার বাড়ি) মরহুম আবুল খায়েরের ছেলে।
স্থানীয়রা জানান, বেগমগঞ্জ থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনটি (ঢাকা মেট্রো-জ ১৪২৫৮৯) দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রামগঞ্জ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থানরত চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহনের তিনটি বাসকে ধাক্কা দিয়ে পথচারী আবদুর রহিমকে চাপা দেয়। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই আবদুর রহিম মারা যান।
আবদুর রহিমের ভাই মো: সুমন জানান, জননী বাস চাপায় প্রতিনিয়ত প্রাণহানীর ঘটনা ঘটলেও কারো যেন কিছু করার নেই। রামগঞ্জ-বেগমগঞ্জ বা নোয়াখালীর মাইজদী থেকে জননী বাসগুলো আসা যাওয়া করলেও অধিকাংশ চালকের কোনো লাইসেন্স নেই। বেগমগঞ্জ থেকে জননী বাস রামগঞ্জে আসার পথিমধ্যে জয়াগ বা চাটখিল নামকস্থানে চালক নেমে গিয়ে চালকের সহকারীকে (হেল্পার) রামগঞ্জে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। এ কারণেই দুর্ঘটনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবদুর রহিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম নামের একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।





