লক্ষ্মীপুরের রামগঞ্জে জানালার সাথে ফাঁস দেয়া সেলিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেফালীপাড়া গ্রামের নুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সেলিনা আক্তার ওই বাড়ির হাবিব উল্যার ছেলে ফারুক হোসেনের স্ত্রী এবং তার একটি মেয়ে রয়েছে।
সেলিনা আক্তারের মা শাহনাজ বেগম বলেন, ‘আড়াই বছর আগে ফারুক হোসেনের সাথে আমার মেজ মেয়ে সেলিনার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি যে আমার মেয়ের স্বামী ভবঘুরে এবং মাঝে মাঝে মাদক সেবন করত। কোনো কাজকর্ম করত না। তারপরও আমার মেয়ের সংসারে তেমন কোনো অশান্তি দেখা দেয়নি। বুধবার রাতে আমরা খবর পাই, আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
ফারুক হোসেনের বাবা হাবিব উল্যাহ জানান, ‘বুধবার সন্ধ্যার পরে আমার ছেলে ফারুক হোসেন ঘরের দরজার সামনে বসে ছিল। কিছুক্ষণ পরে ঘরের ভেতর থেকে চিৎকার শুনে গিয়ে দেখি সেলিনা জানালার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বাড়ির লোকজন সেখানে জড়ো হয়। তখন আমার ছেলে ফারুক তার স্ত্রীর ঝুলন্ত লাশ খুলে দেয়।’
রামগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সোলাইমান বৃহস্পতিবার জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।





