দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মামলা-হামলা, জেলবন্দী বা পলাতক নেতাকর্মীদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে তাদের পরিবারগুলোকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা।

তারই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শহীদ জামালের দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত স্ত্রী আকলিমা আক্তারের চিকিৎসার ব্যয়ভার বহন করছে দল।

আকলিমা জানান, তার স্বামী গ্রেফতার হওয়ার পর থেকে তার ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি তার স্বামীর আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিগোচরে আনেন। এরপর তিনি ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান) কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলামকে নির্দেশ দেন তার (আকলিমার) সাথে যোগাযোগ করে তার সমস্ত চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় সকল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তার।

উল্লেখ্য, শহীদ জামালের আইনজাবী সামছুন নূর বাঁধন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-প্রচার সম্পাদক এবং তিনি বিএনপির প্রথম কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক এমপি মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদের দৌহিত্র ও নারায়ণগঞ্জ–৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের মেয়ে।

সামছুন নূর বাঁধন জানান, গ্রেফতার শহীদ জামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গণতন্ত্রের দাবিতে চলমান এ আন্দোলনে তিনি গ্রেফতার হলে তার পরিবার এক দুরবস্থার মধ্যে পড়ে এবং তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা বন্ধ হয়ে যায়।

এমন অবস্থায় পরিবারের এই অসহায়ত্বের বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিগোচরে আনলে তিনি আকলিমা আক্তারের সকল চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং তিনি শহীদ জামালের পরিবারের সার্বিক খোঁজ-খবর রাখছেন।