কুমিল্লার লাকসামে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার বাকই ইউনিয়নের অশ্বদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়–য়া জানান, বৃহস্পতিবার রাতে যাত্রীবেশে চার ছিনতাইকারী ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া নেয়। রাত ৯টার দিকে অশ্বদিয়া হাইস্কুল মসজিদের সামনে এসে একজন প্রস্রাবের কথা বলে অটোরিকশাটি থামায়। এ সময় চালক সুমনের (১৮) চোখেমুখে মলম লাগিয়ে তারা এক লাখ ৮৫ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। হুঁশ ফিরে পেলে সুমন বিভিন্ন স্থানে ফোন করে বিষয়টি জানান। পরে বাকই ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় লোকজন অটোরিকশাসহ চার ছিনতাইকারীকে আটক করলেও ইউসুফ নামে একজন পালিয়ে যায়। পরে অপর তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। লাকসাম থানার এসআই আশরাফুল ইসলাম অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো- বরুড়ার ডাবুরিয়া মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোহন হোসেন (২২), লাকসামের নগরীপাড়ার মৃত আলী আশরাফের ছেলে সাইফুল ইসলাম (২০) ও নাঙ্গলকোটের চান্দপুরের বজলুর রহমানের ছেলে মামুন (৩৫)। এ ঘটনায় রিকশাচালক সুমন বাদি হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।
লাকসাম থানার ওসি তদন্ত টমাস বড়–য়া জানান, আটক ৩ ছিনতাইকারীকে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হবে। লাকসাম থানার এসআই আশরাফুল ইসলাম অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।





