রংপুরের মিঠাপুকুরে অনার্সের শিক্ষার্থী ও এক মোটরসাইকেল-আরোহীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (১২ নভেম্বর) দুপুরে খোড়াগাছ ও বলদিপুকুর এলাকা থেকে পৃথকভাবে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষার্থী সাফিন মিয়া উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী বেকীপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে। আর নিহত রাসেল পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জানা যায়, ওই দিন সকালে উপজেলার রূপসী দামুয়া এলাকায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সাফিন নামে অনার্সের এক শিক্ষার্থীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাফিন শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন রোববার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে দামুয়া এলাকায় পুকুরপাড়ে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সাফিনের লাশ দেখতে পায় এক কৃষক। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় কামরুজ্জামান ও ভুট্টু মিয়াসহ কয়েকজন জানান, শনিবার রাতে সাফিনকে কে বা কারা হত্যা করে গলায় রসি পেচিয়ে গাছের সাথে ঝুলে রাখে। এ সময় তার হাত ও পাসহ শরীরের বিভিন্নস্থানে রক্ত লেগে ছিল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রংপুরের সহকারী পুলিশ সুপারসহ ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এদিকে, সকালে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আশিকুর রহমান রাসেল (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, মোটরসাইকেলসহ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় নিহতের বড়ভাই আরিফুল ইসলাম অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।





