লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মালামালসহ পুড়ে গেছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার সকাল ৯টায় উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে মেইন রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। রামগঞ্জ ও রায়পুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে নাসিরের কনফেকশনারির নগদ টাকাসহ তিন লাখ টাকা, নুর হোসেনের মুরগির দোকান, নুর এন্টারপ্রাইজের পাঁচ লাখ টাকার, মুন্সী হার্ডওয়ারের ১০ লাখ টাকার ও নিউ চয়েজ ফার্নিচারের দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান জানান, আগুনের খবর পেয়ে সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে বাজারের অন্য ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পানপাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন অর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতা না থাকলে পুরো বাজার পুড়ে ছাই হয়ে যেতো।
রামগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, নুর হোসেনের মুরগির দোকানের মোটরের সংযোগ থেকে আগুনের সূত্রপাত। এ ছাড়া পাশের একটি দোকানে পেট্রোল থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।