লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী-এমপিসহ কয়েকজন নেতার বিরুদ্ধে আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের আপত্তিকর ছবি বানিয়ে ফেসবুক-টিকটকে ছবি পোস্ট দিয়ে কটূক্তি করেছেন ফারুক নামে এই যুবক। অভিযোগটি আদালতে প্রমাণ হওয়ায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়েছেন আদালত। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।