কুড়িগ্রামে গতকালের (রোববার) তুলনায় কুয়াশা কিছুটা কমলেও রিম্নগামী হয়ে পড়েছে তাপমাত্রা। কৃষি আবহাওয়া অফিস জানায়, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রোববার ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। ঠান্ডার প্রকোপে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। অনেকের প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় সময়মতো কাজে যেতে পারছেন না।

স্থানীয়রা জানান, কুয়াশার দাপট কিছুটা কমলে উত্তরীয় হিমেল হাওয়া কনকনে ঠান্ডার মাত্রা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের হযরত আলী জানান, সকাল থেকে শীত একটু কম কিন্তু ঠান্ডা বাতাস হাতপা ধরে আসছে। আমরা কাজে যেতে পারছি না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। প্রতিদিন তাপমাত্রা আরো কমতে থাকবে। আগামী ২০ তারিখের পরে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শীতপ্রবন এ জেলায় শীতের শুরুতেই হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ৪৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ চাওয়া হয়েছে।