লক্ষ্মীপুরের রামগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় রহিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ছেলে মাজহারুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টায় পৌর শহরের বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে। রহিমা বেগম উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী ও তিন সন্তানের জননী।
এ ঘটনায় মৃত রহিমার বড় ছেলে মাজহারুল ইসলাম বাদি হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডাক্তারের ভুল চিকিৎসায় রহিমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়।
মৃত রহিমা বেগমের ছেলে মাজহারুল ইসলাম বলেন, সামান্য জ্বর নিয়ে মা অসুস্থবোধ করায় তাকে দ্রুত বায়োপ্যাথ হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের এমডি ডা: লোকমান উদ্দিন আজাদ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আমার মাকে হাই এন্টিবায়োটিক ইনজেকশন পুশের কিছুক্ষণ পরই তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসক ডাক্তার লোকমান উদ্দিন আজাদ বলেন, ডেঙ্গু জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে হসপিটালে আসেন রহিমা বেগম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এ ছাড়া রোগীর অবস্থা আগেই খারাপ ছিল। তবে অবহেলার বিষয়টি মিথ্যা।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।