রংপুরের মিঠাপুকুরে তিনবন্ধু মাদক সেবন করতে গিয়ে এক বন্ধুর সাথে মনোমালিন্যের একপর্যায়ে হাশেম আলী (৩৬) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অপর দুই মাদকসেবী বন্ধু।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি (জগদিশপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনের মতো জগদিসপুর গ্রামের মরহুম আবুবক্করের ছেলে হাশেম আলী ও তার দুই বন্ধু ঘটনার দিন রাতে জগদিসপুর গ্রামে মাদকদ্রব্য সেবন করছিল। এমতবস্থায় তাদের মধ্যে মাদকদ্রব্য সেবন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এতে অপর দুই বন্ধু পুর্ব শত্রুতার জের ধরে হাশেম আলী (৩৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।





