মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দু’বাহিনীর মাঝে এই মিষ্টি বিনিময় হয়।

বিজিবির পক্ষ থেকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ দেওয়া-এর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এছাড়া হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের পক্ষ থেকেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতের অভিবাসন ও কাস্টমস কর্মকর্তাদের মিষ্টি উপহার দেয়া হয়।

সীমান্তে দায়িত্বরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় করতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেয়ার এই রেওয়াজ দীর্ঘ দিন ধরেই হিলি সীমান্তে চলে আসছে।