ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা মাহমুদুল হাসান অনিক নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া উপজেলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।
নিহতের জামাতা সনি চৌধুরী জানান, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে দোলা পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। তার সাথে থাকা অনিকও আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।














