লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনায় মানিকগঞ্জ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
সোমবার (২ জুন) গভীর রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, দুর্বৃত্তরা নড়াইল গ্রিড থেকে মানিকগঞ্জ উপকেন্দ্রে সংযুক্ত ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড লাইনের ওই অংশ থেকে কৌশলে একটি অংশ কেটে নিয়ে গেছে। এতে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
ঘটনার পরপরই যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষিপাশা জোনাল অফিসের কর্মকর্তারা বিষয়টি নজরে নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেরামত কাজ এবং বিকল্প সংযোগ চালু করতে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে।
লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডিজিএম এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে বহু গ্রাহক দুর্ভোগে পড়েছেন। আমরা বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে কাজ করছি। আশা করছি, দ্রুতই স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।’
এসময় তিনি জানান, এই চুরির ঘটনায় আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিশেষ একটি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে নড়াইল লোহাগড়া থেকে পল্লী বিদ্যুতের যেসব তার ও ট্রান্স মিটার চুরির সাথে পল্লী বিদ্যুতের অসাধু কতিপয় কর্মচারীরা জড়িত রয়েছেন।
লোহাগড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু আনাছ মোহাম্মদ নাসির বলেন, ‘চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।’
উল্লেখ্য, নড়াইল ও লোহাগড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিদ্যুৎ খাতে এমন নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে সার্বিক জাতীয় সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








