রামগঞ্জে পৃথক দুই ঘটনাস্থল থেকে সুরুজ মোল্লা (৫৫) ও জসিম উদ্দিন (৫০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গত সোমবার রাত ৯টায় উপজেলার আশারকোটা গ্রামের পশ্চিম মোল্লা বাড়ির সুরুজ মোল্লার লাশ এবং রাত সাড়ে ১১টায় পৌর সোনাপুর গ্রামের জসিম উদ্দিনের লাশ রতনপুর ওয়াপদা খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। সুরুজ মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লা নামের একজনকে আটক করে পুলিশ।
সুরুজ মোল্লার স্ত্রী রূপালী বেগম জানান, সোমবার বিকেল ৩টায় একই বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সুরুজ মোল্লা, সাবেক মেম্বার শাহ আলম মোল্লা, আবদুল হাকিম, মোহাম্মদ আলী ও সৈয়দ আহমদসহ ১০-১২ জনের মধ্যে তর্কাতর্কি ও সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় আহতাবস্থায় সুরুজ মোল্লাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই আশারকোটা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লাকে (৬০) আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
অপর দিকে একই রাতে রামগঞ্জ পৌরসভার রতনপুর দি মর্নিং সান স্কুল সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। জসিম উদ্দিন রামগঞ্জ টিচার্স মেডিক্যাল সেন্টারের চেয়ারম্যান ছিলেন।