অভাবি সংসারে বেঁচে থাকার তাগিদে ঋণ নিয়ে টমেটো চাষ করেছিলেন দরিদ্র বিপ্লব। কিন্তু সে সুখ কেড়ে নিলো নিজের মায়ের পেটের ভাইয়েরা। পূর্ব শত্রুতার জেরে ফল ধরা টমেটো বাগানের শত শত গাছ কেটে ফেলে তাকে সর্বস্বান্ত করে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়জামবাড়ীয়া গ্রামের মৃত রসুন জামান ভাদুর ছেলে বিপ্লব অভিযোগ করে বলেন, বড়জামবাড়িয়া মৌজার ছোট ডহরের বিলে নিজস্ব ১৬ কাঠা জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে টমেটো চাষ করেছি। আমি গত ১১ ডিসেম্বর সকালে টমেটো তুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য ৫০টি ক্যারেটে টমেটো ভর্তি করি। পরে বিকেল ৪টার দিকে পূর্ব শত্রুতার জেরে আমার আপন ভাই পল্টু শেখ (৫৪), পল্টুর ছেলে রজব আলী (২৮), অপর ভাই আসাদুল হক (৫৮), আসাদুলের ছেলে রাজিব (৩০) ও মাজিদ (২৮) লাঠিসোঁটা ও ধারালো হাঁসুয়া নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে আমাকে, আমার মাকে ও বোনকে মারধর করে ৫০ ক্যারেটে ভর্তি টমেটো নিয়ে চলে যায়। যার মূল্য প্রায় ৫৮ হাজার টাকা। এতে আমাদের পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় আমার সাথে থাকা ১৯ হাজার টাকাও নিয়ে যায়। তাদের মারধরে আহত হয়ে আমি ও আমার মা ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।
বিপ্লবের মা সারজান বিবি বলেন, আমার অন্য ছেলেরা হাঁসুয়া নিয়ে এসে টমেটোর গাছ কেটে ফেলে। আমাকেও আঘাত করে। পায়ের ব্যথায় হাঁটতে পারছি না।
অভিযুক্ত পল্টু শেখের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমির ভাগ না দেয়ার জন্য নিজেরাই গাছ কেটেছে।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া অব্যাহত আছে।