দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের অধিকাংশ ভোটকেন্দ্র ছিল ভোটারবিহীন। দুপুর দেড়টা পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটারদের সারি লক্ষ করা যায়নি। তবে এর আগেই অধিকাংশ কেন্দ্রে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোটগ্রহণ সম্পর্ণ হয়েছে বলে জানালেন কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা।
সকাল ৯টা ৩২ মিনিটে পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টা ২৪ মিনিটে কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে দরবেশপুর ডিএসএ ইউনাইটেড একাডেমি, সকাল ১০টা ৩৬ মিনিটে লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয়, সকাল ১০টা ৪৬ মিনিটে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টায় ৫৫ মিনিটে করপাড়ার শাহ-জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়, ১১টা ১০ মিনিটে একই ইউনিয়নের করপাড়া নূরে-ই মদিনা দাখিল মাদরাসা, ১১টা ৩৫ মিনিটে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১টা ৩৬ মিনিটে পাশ্ববর্তী গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয়, দুপুর ১২টা ৩ মিনিটে দরবেশপুর উচ্চ বিদ্যালয় এবং বেলা ১২টা ১৫ মিনিটে দ্বিতীয়বারের মতো কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে ভোটারবিহীন জনশুণ্য অবস্থায় দেখা যায়।
একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন (প্রতীক ঈগল) সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজানের ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা জাকিরের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থক এ হামলা করেন বলে অভিযোগ শামছুল হক মিজানের।
এ সময় তিনি জানান, আমি ভোটকেন্দ্রের কাছাকাছি উপস্থিত হলে চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য জাকিরের নেতৃত্বে বেশ কিছু যুবক আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি নিচ্ছি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখনো নির্বাচনের ফলাফল আসেনি, আসলে আমরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে ফলাফল উপস্থিতির সামনে ঘোষণা করবো।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। শামছুল হক মিজান সাহেবের ঘটনায় রামগঞ্জ থানায় কোনো অভিযোগ হয়নি।











