লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের (প্রতীক ঈগল) চিফ এজেন্ট সামছুল হক মিজানকে মারধর করার অভিযোগে রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সামছুল হক মিজান বাদি হয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক জাকির হাজীসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
সামছুল হক মিজান রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রামগঞ্জ আসন থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণকারী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিফ এজেন্ট ছিলেন।
মিজান জানান, সকাল সাড়ে ৮টায় সোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট আনোয়ার হোসেনকে মারধর করে বের করে দেয়া হয়। এ খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে গেলে কেন্দ্রের বাইরে যুবলীগ নেতা জাকির হোসেন ওরফে জাকির হাজীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্রুপ তার ওপর হামলা করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় দৈনিক বাংলার মুকুল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান মুকুলসহ দুইজন সংবাদকর্মী তাকে রক্ষার জন্য এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও মামলার ১ নং আসামি জাকির হোসেনের ব্যক্তিগত মোবাইলে বার বার কল দেয়ার পরও তিনি রিসিভ করেননি।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, নির্বাচনী ফলাফল ঘোষণার অনুষ্ঠানে তিনি ব্যস্ত আছেন। তবে তিনি সামছুল হক মিজানের এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
ভোটকেন্দ্রে মারধর আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের (প্রতীক ঈগল) চিফ এজেন্ট সামছুল হক মিজানকে মারধর করার...





