সাতক্ষীরার তালা উপজেলায় হাত ও পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী এক প্রাইভেটকারচালককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার-সংলগ্ন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাইভেটকারচালক শেখ শাহিন (৪২) খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মীর্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেটকারে হাত ও পা বাঁধা এবং বস্তাবন্দী অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।





