কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী দুই নাগরিক আহত হয়েছে। এছাড়া এক চোরাকারবারিকে আটক করেছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর আন্তর্জাতিক সীমান্ত ১০৫৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবির হাতে আটক নবাব আলী ধর্মপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে আড়কির মাধ্যমে বাংলাদেশে গরু পাচার করছিল। এ নিয়ে নো-ম্যান্সল্যান্ডেই স্থানীয় লোকজনদের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে বিএসএফ এলোপাতাড়িভাবে গুলি ও ককটেল ছুড়ে। এতে গুলি ও ককটেলের আঘাতে অজ্ঞাতনামা দুজন আহত হয়েছে। তারা গোপনীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শাজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথমে বাংলাদেশী চোরাকারবারিদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং পরে সংঘর্ষের আভাস পেয়ে বিএসএফ গুলি ছুড়লে দুজন চোরাকারবারি আহত হয়।

রৌমারী থানার অফিসার আব্দুল্লাহ হিল জামান বলেন, নবাব মিয়ার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদি হয়ে এজাহার দিয়েছে এবং তাকে থানায় সোপর্দ করেছেন। মামলা রুজুর পর আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: হাসানুর রহমান হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতীয় সীমান্তের কাঁটাতার কাটার জন্য সীমান্তের নো-ম্যান্সল্যান্ড যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা নবাব মিয়া নামের একজনকে আটক করে বিজিবিকে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা গিয়ে আটক ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন এবং রৌমারী থানায় সোপর্দ করেন।

গুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, সীমান্তে চোরাকারবারি ও স্থানীয়দের মধ্যে ভারতীয় শূন্য রেখার কাঁটাতারের কাছে সংঘর্ষ হয়। এসময় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটায়।