রংপুরের মিঠাপুকুরে ৩ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী রাজিয়া বেগমের (৩০) লাশ অবশেষে নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফ সাদী গ্রামে এ ঘটনাটি ঘটে।

রাজিয়া বেগম মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফশাদী গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার মমিনুর রহমান নামের এক যুবকের সাথে রাজিয়ার। বিয়ের পর স্বামী তার স্ত্রী রাজিয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। একপর্যায়ে স্বামী মমিনুর রহমান সংসারের চাহিদা পূরণের জন্য স্ত্রী রাজিয়াকে বাড়িতে রেখে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছিলেন। এমতাবস্থায় গত মঙ্গলবার এলাকাবাসী তাকে (রাজিয়া) এলাকার একটি তাফসীরুল মাহফিলে দেখতে পায়। এরপর আর এলাকাবাসী দেখতে পায়নি। এ ঘটনার বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি রাজিয়াকে খুঁজতে তার নিজ বাড়িতে যান। বাড়িতে গিয়ে তার শোয়ার ঘর তালা বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে ঘরের জানালা দিয়ে ওই ব্যাক্তি ঘরের ভেতরে তাকালে রাজিয়ার লাশ দেখতে পান। বিষয়টি এলাকাবাসীকে জানালে পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের রির্পোট হাতে পাবার পর কিভাবে হত্যা হয়েছে তা স্পষ্টভাবে জানা যাবে।