সাতক্ষীরার পাটকেলঘাটায় চার লাখ টাকা ও পৌনে চার ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মুরগি খামারী আজিজুল ইসলাম মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজিজুল ইসলামের ছেলে মনি মোড়ল বলেন, আমার মা নাজমুন নাহার বাড়িতে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চার পাঁচ জন দুর্বৃত্ত আমাদের বাড়িতে প্রবেশ করে গোয়াল থেকে একটি ছাগলের বাচ্চা ধরে নিয়ে এসে গেটের সামনে ছেড়ে দেয়। ছাগলের বাচ্চার ডাক শুনে এ সময় আমার মা ঘর থেকে বের হয়ে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার হাত ও চোখ বেঁধে তার কোমরে থাকা আলমারির চাবি নিয়ে আলমারি খুলে পৌনে চার ভরি স্বর্ণ ও মুরগি বিক্রি করা চার লাখ টাকা নিয়ে চলে যায়। পরে আমরা পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করি।
পাটেকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।