জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন জরাজীর্ণ হয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটিতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
পাঁচ বছর আগে ভবনটিতে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সেটিকে সংস্কার বা পরিত্যক্ত করা হয়নি। এমন অবস্থাতেই বিদ্যালয়ের ওই ঘরের মধ্যে বাঁশের বেড়া দিয়ে এক পাশে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। এটি অবগত হওয়ার পর জেলা শিক্ষা অফিস জানায়, অচিরেই সরেজমিন দেখে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে ঝুঁকিপূর্ণ এই ভবনসংলগ্ন পূর্বপাশ দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা থাকায় পথচারীরাও ওই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সরজমিনে দেখা যায়, গত কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে পানির তোড়ে বিদ্যালয়ের পুরাতন ভবনটির নিচের দিকে মাটি সরে গিয়ে ভবনের নিচে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের পূর্বপাশের রাস্তাটি দিয়ে চলাচলকারী কয়েক শ’ মানুষ জীবনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, জরাজীর্র্ণ ভবনটি সম্পর্কে ইতঃপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমি এ জেলায় নতুন যোগদান করেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তকর সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেব।