কোটা সংস্কার ও গতকাল সারাদেশে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে এবার সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও রাজপথ অবরোধ করে রেখেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার থেকে দুপুর ২টায় এ রিপোর্ট লেখার সময় তারা রেলপথ ও রাজপথ অবরোধ করে রাখে। এ সময় কক্সবাজারগামী পর্যটন ট্রেনকে আটকে রাখার পাশাপাশি মহাসড়কেও শতশত গাড়ি আটকা পড়ে। চট্টগ্রাম সিটি গেইট থেকে উপজেলার বড়দারোগারহাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এ দিকে, মহাসড়কের অপর পাশে অবস্থান নিয়েছে উত্তর জেলা যুবলীগ নেতাকর্মীরা। যেকোনো সময় ছাত্র ও যুবলীগের মধ্যে সংঘর্ষ বেধে যেতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, সীতাকুণ্ড মডেল থানার পুলিশসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে দুপুর ২টা পর্যন্ত কোনো অপীতিকার ঘটনা ঘটেনি। বর্তমানে ছাত্ররা রেলপথ ও রাজপথে অবস্থান নিয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোখন চন্দ্র ঘোষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এতে ২০ কিলোমিটারের অধিক এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।





