বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রাষ্ট্রদ্রোহ মামলাসহ বাকি সব মালা থেকে তিনি জামিন পেলেও রাষ্ট্রদ্রোহ মামলায় সরকার পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে তার জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রিটের পক্ষে সুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল।
জানা যায়, ইসরাইলি লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে ঘনিষ্টতা ও সরকার উৎখাতের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে আ’লীগ সরকার। সেই থেকে অদ্যবধি এই নেতার বিরুদ্ধে সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ৭৭টি মিথ্যা মামলা করা হয়েছিল। সেই থেকে আজ অবধি নয় বছর ধরে কারাগারে রয়েছেন তিনি।
আসলাম চৌধুরীর নিযুক্ত উকিল নাছিমা আক্তার চৌধুরী জানান, আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব মামলায় এখন জামিন পেয়েছেন। আশকরি বুধবারের মধ্যে তিনি মুক্তি পাবেন।





