অতিবর্ষণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রামগঞ্জ উপজেলার বেশিরভাগ খাল থেকে দ্রুত পানি সরানোর জন্য এবং খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার ও শুক্রবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সাথে খাল ও উন্মুক্ত জলাশয় থেকে পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী ছোটখাটো বাঁধ, মাছ ধরার জাল ও আন্টা, খড়াজালসহ বিভিন্ন সরাঞ্জমাদি জব্দ ও বিনষ্ট করা হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) দেব্রবত দাশ এ অভিযান পরিচালনা করেন।
গত দুই দিন ধরে চলা এই অভিযানে পদ্মা বাজারের শাখা খাল, পানপাড়ার ওয়াপদা খাল, পানপাড়া বাজারে খালের অংশ, লামচর ইউনিয়নের বেড়ি বাজার সংলগ্ন খাল, রামগঞ্জ উচ্চবিদ্যালয় সংলগ্ন খাল, রামগঞ্জ লক্ষ্মীপুর সড়কের মঠের পোলের ওপর সংযোগ খাল, বেড়িবাজার থেকে ডাজ্ঞাতলী ওয়াপদা খাল প্রভৃতি বেশ কয়েকটি খাল থেকে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছচাষ ও বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরার কাজ করা হয়েছিল।
এ ছাড়া আইয়েনগর ও দরবেশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানির প্রবাহ সচল করতে আরো কয়েকটি বাঁধ কাটা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, রামগঞ্জ থানা পুলিশের সদস্যসহ রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোনো খালে বাঁধ দিয়ে মাছ চাষ বা পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।





