সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নুরুল আনোয়ার (৭০) নামে এক জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া নুনাবিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তার ছেলে ইমাম হোসেন সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, এলাকার যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী মুসলিম উদ্দিন ও হিরন ক্ষমতার জোর দেখিয়ে দীর্ঘ দিন ধরে বৃদ্ধা নুরুল আনোয়ারের বাড়ির বেশ কিছু জায়গা জোরপূর্বক দখল করে রাখে। এ নিয়ে আনোয়ার থানায় একটি অভিযোগ দিলে পুলিশ উভয় পক্ষকে থানায় আসতে বলেন। কিন্তু থানায় না এসে আজ দুপুরে যুবলীগ নেতা মুসলিম ও হিরনের নেতৃত্বে সন্ত্রাসী সাকিব, লাকি ও রাকিব ধারালো কিরিচ ও হকিস্টিক দিয়ে বৃদ্ধা আনোয়ারকে এলোপাথাড়ি মারতে থাকে। এ সময় তাদের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তার অবস্থা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’
আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।





